মৌলভীবাজারে চুরি হওয়া দুটি গাভি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চান্দপুর বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন এলাকা থেকে কৃষক জরিফ উদ্দিনের দুটি লাল রঙের গাভি চুরি হয়। গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঢাকা মেট্রো-ন-১৪-২৪১৫ নম্বরের একটি হলুদ রঙের পিকআপ শনাক্ত করে পুলিশ। পরে রাজনগর উপজেলার অন্তহরি এলাকা থেকে পিকআপসহ রুবেল সরকারকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দীপন সূত্রধরকে আটক করা হয়।
পরবর্তী সময়ে সদর উপজেলার কাদিপুর এলাকায় এলেমান মিয়ার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়। এ সময় এলেমান মিয়া ও স্বপন সরকারকে আটক করে পুলিশ।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় আটক চারজনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী কৃষক জরিফ উদ্দিন।
পুলিশের এ অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষক।



