বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পিরোজপুরের বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান।
সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এ উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাখিল করা মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুযায়ী তাঁকে চূড়ান্ত তালিকায় একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top