মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়।
এ সময় অটোরিকশা থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধ এবং মাদক পাচার ও কারবার বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



