দুই কমিটিতে পেয়েছেন এনসিপির পদ ফেসবুক পোস্ট দিয়ে সম্পর্ক অস্বীকার করলেন খলিলুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা ও বাহুবল উপজেলা- দুই কমিটিতেই গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। তবে কমিটি ঘোষণার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দলীয় কমিটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।

এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নন বলে উল্লেখ করেছেন। সাবেক এ জনপ্রতিনিধির এমন বক্তব্যকে কেন্দ্র করে বাহুবলে এনসিপির স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য ৬৫ সদস্যবিশিষ্ট হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয় সৈয়দ খলিলুর রহমানকে। এর পরদিন ৭ নভেম্বর ২৮ সদস্যবিশিষ্ট বাহুবল উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানেও তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

জেলা ও উপজেলা দুই স্তরের সাংগঠনিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নাম অন্তর্ভুক্তির এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ফেসবুকে দেওয়া পোস্টে সৈয়দ খলিলুর রহমান লেখেন, ‘এ কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার অজান্তেই এ কমিটিতে নাম এসেছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই।’

এ বিষয়ে সৈয়দ খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এনসিপির কমিটিতে আমার নাম এসেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।’

তবে তার এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এনসিপির বাহুবল উপজেলা আহ্বায়ক তোফায়েল আহমেদ। তিনি অভিযোগ করেন, বাহুবল উপজেলা আহ্বায়ক পদে আসতে না পেরে এখন দলীয় কমিটির সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করছেন সৈয়দ খলিলুর রহমান। ফেসবুকে এমন পোস্ট দিয়ে তিনি দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তোফায়েল আহমেদ।

তিনি আরও বলেন, ‘জেলার সাবেক সদস্যসচিব মাহবুবুল বারী মুবিনের মাধ্যমে কেন্দ্রে জোর লবিং করেছেন সৈয়দ খলিলুর রহমান, বাহুবল উপজেলা আহ্বায়ক হওয়ার জন্য। তিনি আহ্বায়ক পদে আসতে না পেরে এখন দলকে বিতর্কিত করার জন্য ফেসবুকে পোস্ট দিয়ে কমিটি সম্পর্কে কিছু জানেন না বলে প্রচার করছেন।’

বিষয়টি নিয়ে এনসিপির জেলা কমিটির অবস্থান জানতে হবিগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। এই মুহূর্তে আমি হাসপাতালে আছি। বিষয়টি জেনে আপনাকে জানাতে হবে।’

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top