রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদে টিসিবির ৩ শতাধিক দরিদ্র অসহায় উপকারভোগীর নাম কর্তন করে স্বচ্ছল প্রভাবশালী নিকট আত্মীয়কে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের বিরুদ্ধে।জানা যায়, মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নে টিসিবি উপকারভোগী কার্ডধারীর সংখ্যা মোট ১৬২৮ জন। তারা শুরু থেকে টিসিবির বরাদ্দকৃত মালামাল পেয়ে আসছিল।
গত জানুয়ারী মাসে টিসিবির কার্ডধারীদের তালিকা অনলাইন ডাটাবেজ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ৩৩০জন দরিদ্র অসহায় কার্ডধারীর নাম পরিবর্তন করে তার নিকট আত্মীয় স্বচ্ছল প্রভাবশালীদের নাম বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে ইউপি সদস্য আশরাফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও ভুক্তভোগী অনেকে অভিযোগ করে বলেন চেয়ারম্যান কার্ডধারীদের তালিকা অনলাইন ডাটাবেজ করার সময় অবৈধভাবে প্রত্যেকের কাছে ৫০/১০০ টাকা করে নিয়েছেন এবং ৩৩০জন দরিদ্র অসহায় কার্ডধারীর নাম পরিবর্তন করে তার নিকট আত্মীয় স্ব”ছল প্রভাবশালীদের নাম বসিয়েছেন।অভিযোগ সুত্রে ১৯মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য তদারকী অফিসার ছাড়াই বিতরন করা হচ্ছে। পাশে ইউপি অফিসের সামনেই প্রকাশ্যে ফড়িয়া দালাল চক্র বিতরনকৃত পন্য কিনছেন। সাংবাদিক দেখে ফড়িয়া দালাল চক্র ক্রয়কৃত মালামাল ফেলে রেখে আস্তে আস্তে সটকে পড়েন।ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, টিসিবির উপকারভোগীদের তালিকা অনলাইন ডাটাবেজ করার সময় কিছু ভুলক্রুটি হয়ে থাকতে পারে।যাচাই করে সেগুলো ঠিক করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা
নেয়া হবে।