ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী পরিচালিত দাওয়াহ প্লাটফর্ম ‘আইআইইউসি ইসলামিক ডায়ালগ’ কর্তৃক আয়োজিত ‘কলমে ফিলিস্তিন’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার পুরষ্কারপ্রাপ্ত প্রবন্ধের সমন্বয়ে আজ ১৮ জানুয়ারি ২০২৬, রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কুরানিক সায়েন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক(জিএস) সিয়াম মুনাওয়ারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান, সায়েন্সেস অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম, স্মারকের সম্পাদক প্রফেসর ড. কাউসার আহমেদ, এরাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মাইন উদ্দীন আল আজহারী।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার ড. মাহবুবুর রহমান বলেন, হামাস আমাদের জন্য জিহাদী অনুপ্রেরণা। এছাড়া তিনি ডায়ালগকে তার কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের চেতনা চির জাগরূক রাখার জন্য আরও বেশি উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
স্মারকের সম্পাদক ড. কাউসার তার বক্তব্যে বলেন, ‘এই স্মারকে হামাসের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ এসেছে যেগুলো ফিলিস্তিন মুক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং লেখকদের একটা অংশ ইতোমধ্যে শহীদ হয়েছেন। এছাড়া তিনি বক্তব্যে ছাত্রদের বুদ্ধিবৃত্তিক এই কাজগুলোতে নিজেদের অংশগ্রহণ বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।’
উল্লেখ্য, আইআইইউসি ইসলামিক ডায়ালগ ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের চেতনাকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে বেশকিছু প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালিগ্রাফিতে ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম, বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীদের মাঝে অনুবাদসহ কুরআন বিতরণ ও সেমিনার ইত্যাদি।
সর্বশেষ, জুলাই জজবার প্রাণ শহীদ শরিফ উসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে আইআইইউসি ইসলামিক ডায়ালগের সভাপতি সাব্বির আহমেদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।