দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও শাসনব্যবস্থার ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬)৪নং ডাংগীপাড়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক চৌরংগী বাজার উপজেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র আজ চরম হুমকির মুখে। দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতিতে জাতি আজ দিশেহারা। এই সংকটময় সময়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী আন্দোলনই পারে দেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পথে ফিরিয়ে আনতে।
বক্তারা আরও বলেন, যুব সমাজই হচ্ছে যে কোনো রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি। তাই ইসলামী আন্দোলনের আদর্শে বলীয়ান হয়ে রাজপথ, সমাজ ও রাষ্ট্র সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম গড়ে তুলতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কর্মী প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে যুব কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান। পাশাপাশি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক যুব কর্মীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।