কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি লালু (৩৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উখিয়া থানাধীন ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১৫-এর হোয়াইক্যং ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার লালু ১২ নম্বর ক্যাম্পের জি/৬ ব্লকের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সিদ্দিক আহমেদ। এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আরসার সদস্য এবং উখিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার এক নম্বর আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর লালুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
ব্যাটালিয়নটির পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।




