পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে চুঙ্গাপাশা গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মীরকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর আবদুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল-মাহাবুব জানান, আটক সোহাগ মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



