ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ডিম দিবস উদযাপন

“ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। পুষ্টি সচেতনতা বৃদ্ধি, দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের অন্তর্ভুক্তি উৎসাহিত করা এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের এগ্রোইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টার (এএলটিসি) ও অন-ফার্ম ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজের প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার ও দিবসের প্রতিপাদ্যসংবলিত বিশেষ টুপি পরে অংশগ্রহণকারীরা র‍্যালিতে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। র‍্যালিটি অন-ফার্ম ট্রেনিং সেন্টার প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, সুস্থ ও সবল জীবনযাপনে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। ডিম সহজলভ্য ও পুষ্টিগুণসমৃদ্ধ একটি খাবার, যা শিশুদের শারীরিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার অভ্যাস গড়ে তুলতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান, জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সাইদ, কৃষি কর্মকর্তা ফায়সাল মাহমুদ জোয়ার্দার এবং ইঞ্জিনিয়ার খালিদ হাসান। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিম উন্নতমানের প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদানের গুরুত্বপূর্ণ উৎস। শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি, পেশি গঠন, মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে ডিমের পুষ্টিগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করা, নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পোল্ট্রি খাতের উন্নয়ন ও সম্প্রসারণ জরুরি।
দিবসটি উপলক্ষে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
ওয়েভ ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও শিশুদের মধ্যে সেদ্ধ ডিম বিতরণ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
  

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top