নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিমগাছ কেটে সাবাড়, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা

 দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৬০০টি শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার সম্ভাব্য বিক্রয়মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন ওই কৃষক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম (৫০) জানান, তিনি মালদহ গ্রামে ২৫ শতাংশ জমিতে প্রায় ৬০০টি শিমগাছ চাষ করেছিলেন। জমি প্রস্তুত, গাছ লাগানো ও পরিচর্যাসহ এ পর্যন্ত তাঁর প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। গাছগুলোতে ভালো ফলনও হয়েছিল। বর্তমান বাজারদরে শিম বিক্রি করতে পারলে প্রায় ৩ লাখ টাকা আয় হতো বলে আশা করেছিলেন তিনি।
হাফিজুল ইসলাম বলেন, ‘অনেক কষ্ট করে শিমগাছগুলো বড় করেছি। গাছগুলোতে ভালো ফলন হয়েছিল। শিম বিক্রি করে পরিবারের আর্থিক চাহিদা পূরণের স্বপ্ন দেখছিলাম। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সব গাছ কেটে ফেলেছে। এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।’
স্থানীয় শরিয়ত ইসলাম বলেন, একজন কৃষক অনেক পরিশ্রম করে ফসল ফলান। রাতের আঁধারে এভাবে শত শত শিমগাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় রাহেনা বেগম বলেন, কৃষকের ফসলই তাঁর আয়ের অন্যতম উৎস। অনেক আশা নিয়ে হাফিজুল ইসলাম শিমগাছগুলোর পরিচর্যা করেছিলেন। কিন্তু গাছগুলো কেটে দেওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, মালদহ গ্রামের কৃষক হাফিজুল ইসলামের শিমগাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top