গোলাম রাব্বি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় ব্যাটারিচালিত রিকশা নষ্ট হয়ে যাওয়ায় কলেজে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল শারীরিক প্রতিবন্ধী আবু সাঈদের। পরে তার দুর্ভোগের কথা জানতে পেরে রিকশাটি মেরামত করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
২০ বছর বয়সী আবু সাঈদ উপজেলার চন্দ্রখইর গ্রামের বাসিন্দা। তিনি চাঁদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. লুৎফর শেখ পেশায় কৃষক।
আবু সাঈদ নিজের ব্যাটারিচালিত রিকশাটিতে চলাচল করতেন। পরিবারের সদস্যদেরও ওই রিকশাটিতে নিয়ে যেতেন তিনি। কিন্তু হঠাৎ ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় রিকশাটি অচল হয়ে পড়ে। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হয় বিভিন্ন যন্ত্রাংশও। এতে কলেজে যাওয়া ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল তার।
উপজেলার রাজস্ব তহবিল থেকে রিকশাটি মেরামতের ব্যবস্থা করেন ইউএনও মো. শামসুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে আবু সাঈদের হাতে মেরামত করা রিকশাটি তুলে দেওয়া হয়। পরে ওই বিশেষ রিকশা চালিয়ে বাড়ি ফেরেন তিনি।
ইউএনও মো. শামসুল ইসলাম বলেন, “আবু সাঈদের চলাচল সহজ করা এবং পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য রিকশাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।”
আবু সাঈদ বলেন, “রিকশাটি নষ্ট হয়ে যাওয়ায় কলেজে যেতে পারতাম না। এটি মেরামত করে দেওয়ায় এখন আবার কলেজে যেতে পারব। এ জন্য ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ।”



