খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ৩নং ওয়ার্ডের সুতিবাজার এলাকায় স্থানীয় ১০০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ মোল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তাগণ আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, “উপকূলীয় জনপদ কয়রায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি। এই প্রতিকূল আবহাওয়ায় প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে লায়ন্স ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। সাম্য ও মানবিকতার খাতিরে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সহায়তায় হাত বাড়ানো।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের কর্ণধার দিলারা নাসরীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সাবেক কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী এবং মোঃ ফরহাদ হোসেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বনরক্ষী মোঃ হারুন অর রশিদ, সমাজসেবক ডাঃ হাবিবুর রহমান, ইব্রাহিম হোসেন, আঃ গফফার, হাফেজ ফজলুল হক, আক্তারুল ইসলাম, ইয়াছিন আলী, কামরুল মোল্যা ও বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য স্থানেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।