পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৮ নভেম্বর) সকালে গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায় সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারলে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বাবলম্বী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সমবায় আন্দোলনের মূল লক্ষ্য হলো সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সমান অংশগ্রহণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করা। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে গলাচিপায় সমবায় কার্যক্রমের প্রসার, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে নতুন করে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।



