নীলফামারীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান

 সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

​রোববার (৮ নভেম্বর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

​পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, গাছের চারা এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​এমএসডিএফের চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন জোরদার করা গেলে সাধারণ মানুষের স্বচ্ছলতা ও সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।”

​অনুষ্ঠানে সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড ও পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা দেওয়া হয়। এছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মোছা. শারমীন আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, উন্নত জাতের গাভি পালন প্রকল্পের আওতায় দিবসটি উপলক্ষে ‘চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’ এবং ‘লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-কে ১ লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এবং সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

​এর আগে দিবসটি উপলক্ষে সদর উপজেলার ১০টি সমবায় সমিতি তাদের উৎপাদিত পণ্য নিয়ে বিভিন্ন স্টল স্থাপন করে। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির উৎসাহের সাথে এসব স্টল পরিদর্শন করেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top