শুক্রবার (২ মে) গাজীপুর পিবিআইর পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, বৃহস্পতিবার (১ মে) গাজীপুর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর (হাজী বাড়ি) গ্রামের হাসান বেপারীর ছেলে আব্দুর রহমান রাজন (২৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাহনিয়া গ্রামের ফারুকের ছেলে রবিউল ইসলাম (৩০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট চরশিবা গ্রামের হাসান মৃধার ছেলে উজ্জ্বল (৩৬) এবং মিরাজ (২৫)। তারা গাজীপুরের বাসন থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারের ৬ষ্ঠ তলায় নগদের ওই ডিস্ট্রিবিউটর অফিসটিতে ডাকাতির ঘটনাটি ঘটে।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআইর উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত বিশ্বাস জানান, গত ১৪ এপ্রিল বিকেল পৌনে ৬টায় ৩-৪ জন মাল্টি পয়েন্ট বিডি অফিসে প্রবেশ করে নিজেদেরকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেয়। ওই প্রতিষ্ঠানে অনলাইনে ক্যাসিনো (জুয়া) এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে দাবি করে কর্মকর্তা ও কর্মচারীদেরকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা অফিসের ভল্টে থাকা নগদ ৯৮ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
পরে প্রতিষ্ঠানের জিএম মোহাম্মদ একরামুল হক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর পল্টন থানার ফকিরাপুল (কাঁচাবাজার) এলাকা থেকে আসামি আব্দুর রহমান রাজনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় জড়িত রবিউল ইসলাম, উজ্জ্বল এবং মিরাজকে বুধবার (৩০ এপ্রিল) ভোলার দুলারহাট থানার শিকদারচর (কিল্লার মাঠ) এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করে
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করে, দুই মাস আগে আসামি আব্দুর রহমানের সঙ্গে মহানগরীর চান্দনা ঈদগাহ মাঠে পরিচয় হয় রবিউলের। তখন আব্দুর রহমান তাকে জানায়, তাদের অফিসে অনলাইনে ক্যাসিনো এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে। রবিউল ১০-১৫ দিন পর আব্দুর রহমানকে নিয়ে তার বন্ধু মিরাজের কাছে গিয়ে তাদের অফিসে অনলাইন ক্যাসিনোর ব্যবসার কথা জানায়। এর ৪-৫ দিন পর মিরাজ তার সহোদর ভাই উজ্জ্বলকে নিয়ে আব্দুর রহমানের কাছে আসে। উজ্জ্বল রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা (ডিবি) অফিসে চাকরি করে জানালে মিরাজ এবং উজ্জ্বল পরিকল্পনা করে ডিবি পরিচয়ে তারা নগদ ডিস্ট্রিবিউটর অফিসে ঢুকে কম্পিউটার তল্লাশি দিয়ে ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততার তথ্য সংগ্রহ করে অফিসের টাকা পয়সা হাতিয়ে নিবে। পরিকল্পনা অনুযায়ী রোববার (১৪ এপ্রিল) বিকেলে উজ্জ্বল ও মিরাজসহ তাদের চার সহযোগী নগদ ডিস্ট্রিবিউটর অফিসে ডিবি পরিচয়ে প্রবেশ করে অবৈধ ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততার কথা বলে অস্ত্রের মুখে কর্মকর্তা কর্মচারীদের ভয় দেখিয়ে অফিসের ভল্ট থেকে ৩ টি ব্যাগে করে ৯৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের সঙ্গে আরও ৬ জন ছিলেন।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘এটি একটি ডাকাতির ঘটনা। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’