সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১৩ থেকে ১৫ লাখ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাটের রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত সহকারী মেডিকেল অফিসার সাগর সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাগর পূর্বে কয়েকজনকে চাকরির ব্যবস্থা করে তাদের আস্থা অর্জন করেন। এই সুযোগে তিনি আরও বড় পরিসরে প্রতারণার ফাঁদ তৈরি করেন। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে তাদের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেন। সাগর নিজের সরকারি চাকরির পরিচয় ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলেন এবং একে পুঁজি করে কুড়িগ্রামসহ আশপাশের জেলায় নতুন চাকরিপ্রার্থীদের টার্গেট করেন। কিন্তু তার এই কর্মকাণ্ড নজরে আসে নিরাপত্তা বাহিনীর। গত সপ্তাহে কুড়িগ্রামে আরও কয়েকজনকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে আসলে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু কাগজপত্র ও আর্থিক লেনদেনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সাগরের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক ভুক্তভোগী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।