জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজার সংলগ্ন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খানম চৌধুরী।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল প্রকাশের মাধ্যমে তার এ অর্জন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মাননা অর্জন করেন। এর আগে তিনি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা এবং পাঠদান উপস্থাপনের সক্ষমতার ভিত্তিতেই তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে।
এ সম্মাননা অর্জনে তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আফরোজা খানম চৌধুরী পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা। তিনি চৌধুরী বাড়ির একজন কৃতি সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত।