কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫০), পিতা আবদুল হামিদ ও মাতা আমেনা খাতুন; এবং একই এলাকার নজির আহমদ (৪১), পিতা মৃত হাড্ডা মিয়া ও মাতা মৃত মছকুরা খাতুন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকা-সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ চালানের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারি ও সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




