পিরোজপুরের জিয়ানগরে দুর্ঘটনায় ডুবে যাওয়া একটি পণ্যবাহী কার্গো থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর এলাকা থেকে জিয়ানগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত আব্দুল্লাহ একই এলাকার আলাল পশারীর ছোট ছেলে।
থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ১২ জুন ঢাকা থেকে ছেড়ে আসা আকিজ গ্রুপের এমভি গ্রীন অ্যাস্ট্রল-১ নামের একটি পণ্যবাহী কার্গো উমেদপুর এলাকার পাড়েরহাট মৎস্যবন্দর সংলগ্ন কচা নদীর চরে এসে দুর্ঘটনার শিকার হয়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কার্গোর চালক, হেলপার ও কর্তৃপক্ষ নিরাপদে চলে যান।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহত আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফিরলে পরদিন পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে জাহাজের পাশে একটি ছোট ডিঙ্গি নৌকায় নিহতের পায়ের একটি জুতা এবং কার্গোর সিঁড়ির ওপর ব্যবহৃত মোবাইল ফোন দেখতে পেয়ে আব্দুল্লাহর বড় ভাই রানা পশারী ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রানা পশারী বলেন, “তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। আমি থানায় জিডিও করেছিলাম। আমার ভাই ওই জাহাজের কাছে কেন এবং কীভাবে গেছে, সেটা আমি বুঝতে পারছি না। আমার ভাইয়ের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, সেটা ময়নাতদন্তের পর বুঝতে পারব।”
জিয়ানগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, আকিজ গ্রুপের একটি পণ্যবাহী কার্গো ১২ জুন দুর্ঘটনার শিকার হয়ে নদীর চরে ডুবে যায়। পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি হলে আমাদের কাছে ডুবুরি দলের জন্য চিঠি আসে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে নিয়ে আমরা কার্গোটির ইঞ্জিন কক্ষ থেকে লাশটি উদ্ধার করতে সক্ষম হই।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে ওই যুবকসহ একাধিক ব্যক্তি একটি নৌকায় করে কার্গোটিতে এসেছিলেন। ওই নৌকায় নিহতের একটি জুতাও পাওয়া গেছে। কার্গোটির ইঞ্জিন কক্ষে প্রবেশের সময় পা পিছলে ওই যুবক নিচে পড়ে গিয়ে ভেতরে আটকা পড়েন এবং অন্যরা পালিয়ে যান।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, নিহত আব্দুল্লাহর ভাই রানার সাধারণ ডায়েরির ভিত্তিতে আব্দুল্লাহকে উদ্ধারের জন্য আমরা ফায়ার সার্ভিসকে চিঠি পাঠাই। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে রোববার বিকেলে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ জাহাজের ভেতর থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে।”