ভোলার তজুমদ্দিন উপজেলায় মাত্র ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হয়ে শাকিল মিস্ত্রী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার একটি কেরানির দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। বিষয়টি নিয়ে শনিবার বিকেলে স্থানীয় মাঠে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী ঝগড়া থামাতে গেলে তামিম হোসেনকে চড়-থাপ্পর দেন।
এর জের ধরে সন্ধ্যায় শাকিল মিস্ত্রী একটি কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ তামিম হোসেন পেছন দিক থেকে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় তামিম হোসেনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি নং-০২।
মামলার তদন্তকারী কর্মকর্তা তজুমদ্দিন থানার এসআই আর এম জাকির হোসেন বলেন, মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।