সাংবাদিকতা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ জানুয়ারি) এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা RDRS বাংলাদেশ। কর্মশালায় স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সক্রিয় সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো-এর সাংবাদিক শৈশব রাজু স্যার। তিনি সাংবাদিকতার মৌলিক নীতি, সংবাদ প্রতিবেদন লেখার কৌশল, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং পেশাগত নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীদের সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা, তথ্য যাচাই ও মাঠপর্যায়ে কাজ করার বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকতার সামাজিক দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুপারভাইজার সুমিত্র কুমার রায়। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ফেডারেশন যুব ফোরামের ২৪ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন।






