দিন-দুপুরে মাছের বাজারের মতো খোলামেলা পরিবেশে চলছে মাদক কেনাবেচা—এমনই ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়া ভিটা এলাকায়। স্থানীয়দের ভাষায়, এলাকাটি এখন কার্যত একটি প্রকাশ্য মাদক বাজারে পরিণত হয়েছে, যেখানে কোনো ধরনের ভয়-ভীতি ছাড়াই চলে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ প্রকাশ্যে মাদক কিনছে ও সেবন করছে। এতে করে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
আরও জানা যায়, পোড়া ভিটার এই খোলা মাদক বাজারে বাইরের লোকজনও নিয়মিত আসা-যাওয়া করে। ফলে এলাকাটি অপরাধপ্রবণ এলাকায় পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।
সচেতন মহল মনে করছে, অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান ও প্রশাসনের নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা দ্রুত মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন, মাদকমুক্ত সমাজ গড়তে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।