নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: মীর শাহে আলম

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

নগর ব্যবস্থাপনার অন্যতম প্রধান সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখায় মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। দ্রুত ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণ করতে হবে। সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করতে হবে।

কর্মশালায় অনেক কর্মকর্তা অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ প্রশাসক ও ১৯ পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন উদাসীনতা কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। তবে প্রকৌশলীদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়ম হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এ তালিকায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

স্থানীয় সরকার বিভাগের আওতায় অবকাঠামোগত উন্নয়নে এলজিইডির মাধ্যমে সারা দেশে এক লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের দিকেও গুরুত্ব দিতে হবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবা প্রদানে হয়রানির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম স্থগিত রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া অর্থ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছরই ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।

পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবাররাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: হাবিবুর রহম…

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার মৌলভীবাজারের রাজনগর

Scroll to Top