শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক ও তাঁর এক যাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সন্নাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে অটোরিকশার যাত্রী শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শহিদুল ইসলাম ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনের অটোরিকশায় করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সন্নাসীভিটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয়রা সড়কের পাশে রাখা বালুর স্তুপের কাছাকাছি দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।