নীলফামারী জেলার সম্মানিত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চাঁদাবাজি দমন, কিশোর অপরাধ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনবান্ধব পুলিশিং ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর বিষয়ে তাঁর সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করে।” তিনি আরও উল্লেখ করেন যে, জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয় ও সদ্ভাব বজায় রেখে কাজ করতে আগ্রহী এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মহোদয় অত্যন্ত ধৈর্য ও গুরুত্বসহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং উদ্ভূত সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন। পরিশেষে, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল), নীলফামারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া নীলফামারী প্রেসক্লাবের সভাপতি জনাব এবিএম মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক জনাব মিল্লাদুর রহমান মামুনসহ জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




