প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে পিরোজপুরে জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিমা খাতুন মহিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম এবং জেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আযিযী।
সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-ওলামা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে ইমামদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে ইমামদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. তরিকুল ইসলাম।