জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২ নং ধরঞ্জী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সমসাবাদ গ্রামে চেতনানাশক স্প্রে ব্যবহার করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সোমবার (১ জুন ২০২৬) গভীর রাতে আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত মোস্তফা কামালের বাড়িতে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়। মোস্তফা কামাল সমসাবাদ গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। পরে বাথরুমের উপরের টিন কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর তারা পাউডার জাতীয় চেতনানাশক পদার্থ ছিটিয়ে দেয় এবং পানির গ্লাসে ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
এরপর ডাকাতরা ঘরে থাকা একটি ল্যাপটপ, একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স, একটি স্যামসাং গ্যালাক্সি এ২৩, একটি রিয়েলমি মোবাইল ফোন, নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণের একটি গলার চেইন, একটি আংটি, একটি নাকফুল, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র এবং ডাচ-বাংলা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা চলে যাওয়ার পর সকালে বিষয়টি টের পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পাঁচবিবি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।