পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সোহেল মিয়া (২২) ও পারভেজ খান (৩৩)।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বেকুটিয়া সেতুর টোল প্লাজার কাছে সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টারের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরিচাল এলাকার মনির মিয়ার ছেলে। পারভেজ খান একই এলাকার আনছার খানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুবের নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাস, এএসআই আল-মোশারেফ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত দলটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।




