বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সংরক্ষণে প্রকৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে সিএনআরএস (CNRS) বাস্তবায়িত নবপল্লব প্রকল্প। ২০২৪ সাল থেকে প্রকল্পটি ম্যানগ্রোভ, সামাজিক ও প্রতিষ্ঠানভিত্তিক বনায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই (বুধবার) মোংলা উপজেলার দক্ষিণ হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২০২৬ সালের প্রস্তাবিত ৭টি প্রতিষ্ঠান বনায়ন, ৩টি রাস্তার পাশ বনায়ন এবং ১টি খালের পাশ বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনায়ন কার্যক্রমের শুভ সূচনা করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। তিনি একটি নিম ও একটি আমলকী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা কৃষি বিভাগের প্রতিনিধি, সিএনআরএস নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার (ইন-চার্জ) অমল বিশ্বাস, কেয়ার বাংলাদেশের সিনিয়র উপজেলা কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণ হলদিবুনিয়া বনায়ন কার্যক্রমের প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য, চাঁদপাই সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মো. মারুফ হাওলাদার এবং সিএনআরএস ও কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি সিএনআরএসসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বনায়ন কার্যক্রমের যথাযথ তদারকি ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গৃহপালিত পশুর মাধ্যমে যাতে রোপণ করা গাছের কোনো ক্ষতি না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রায় ১৬ শতাংশ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন থাকা সত্ত্বেও পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে সুন্দরবনের ক্ষতি না করে টেকসই উপায়ে বনজ সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, নবপল্লব প্রকল্পের আওতায় মোংলা উপজেলায় এ পর্যন্ত প্রায় ২৯.৫ কিলোমিটার রাস্তার পাশে ২৯ হাজার ৫০০টি গাছের চারা রোপণ, ১টি ব্লক বনায়ন, ৩টি প্রতিষ্ঠান বনায়ন এবং ৫৬ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনায়ন সম্পন্ন হয়েছে। চলতি বছরে সামাজিক বনায়নের আওতায় প্রায় ১১ হাজার ৫০০টি এবং ম্যানগ্রোভ প্রজাতির আরও ৫ হাজার চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বনায়ন কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।