বগুড়ার গাবতলী উপজেলায় ফজলে রাব্বী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি ঠাকুরচক গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে ফজলে রাব্বী পীরগাছা হাইস্কুলের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী। গত ১১ এপ্রিল বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ইছামতি ব্রিজ এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা জানান, ওই দিন বিকেলে সুলতান ও তাজেলসহ আরও ছয়–সাতজন যুবক রাব্বীর পথরোধ করে তার মুখমণ্ডল ও দুই চোখে ছুরিকাঘাত করে। এ ছাড়া তারা তাকে কিলঘুষি ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা মাদকাসক্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।
ফজলে রাব্বীর বাবা শফিকুল ইসলাম এ ঘটনায় গাবতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামের মৃত খোকার ছেলে সুলতান ও মৃত রফিকুল ইসলামের ছেলে তাজেল সহ অজ্ঞাত আরও ছয়–সাতজনকে অভিযুক্ত করেছেন।
এ বিষয়ে গাবতলী থানার উপপরিদর্শক (এএসআই) আফরোজা খাতুন বলেন, “ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”