সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ শনিবার ভোরে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকা থেকে ৬ টন ৩০০ কেজি ওজনের এবং ১৪ টন মালামাল বহনক্ষমতা সম্পন্ন ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কে নিয়মিত টহল ডিউটির সময় সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী একটি খালি ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ। এ সময় উপসহকারী পরিদর্শক (এএসআই) জালাল উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।
এক পর্যায়ে মানিকপুর এলাকায় এসে ট্রাকটি ফেলে চালক ও তার সঙ্গে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। ট্রাকটির নম্বর সিরাজগঞ্জ ট-১১-০০৭৮।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধার হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে রাত আনুমানিক ৩টার দিকে শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। ট্রাকটির মালিক একই এলাকার রাজিব সরকার।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি।