রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মার বাঙ্গালীপুর এলাকায় অবৈধভাবে জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে উপজেলার শেরমস্ত গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে রেজাউল করিম (৩৮)-কে বেআইনিভাবে জমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু ও টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন এলাকাবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, অবৈধ মাটি ও বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।