মিঠাপুকুরে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর গ্রামে।
জানা গেছে, দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার খাগড়াবন্দ মধ্যপাড়া গ্রামের মৃত লুৎফর রহমান শাহের কন্যা নাহার লাবনী আক্তারের সাথে মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে আরিফুর রহমানের প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর স্বামী স্ত্রী সুখে সংসার করে আসছিল। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, এরই মধ্যে স্বামী আরিফুর রহমান এক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। স্ত্রী নাহার লাবনী এতে বাঁধা দেয়। এঘটনাকে কেন্দ্র করে স্বামী আরিফুর রহমান তার স্ত্রী লাবনী বেগমকে গত সোমবার গভীর রাতে নিজ শয়ন ঘরে পিটিয়ে হত্যা করে। পরে অবস্থা বেগতিক দেখে তার লাশ আত্নহত্যা বলে চালিয়ে দিতে গলায় রশি বেঁধে বারান্দায় ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ রির্পোট লেখা পর্যন্ত মিঠাপুকুর থানায় মামলার প্রস্তুুতি চলছিল। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, এখনো মামলা হয়নি। আত্নহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হবে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট ভাবে জানা যাবে পোস্ট মোর্টেম রির্পোট পাবার পর।