২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদে দলভিত্তিক হিসাব-নিকাশ চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। জাতীয় সংসদের ৩৪৯ জন যোগ্য ভোটারের মধ্যে বিএনপি এককভাবে ২৪৭টি আসন নিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, বিএনপির ২৪৭টি ভোটই তাদের মনোনীত প্রার্থীর ঝুলিতে যাওয়া একপ্রকার নিশ্চিত বলে জানা গেছে।
ভোটার তালিকায় নাম থাকলেও ভোটের দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে অবস্থান করছেন। আজ ২০ আগস্ট ভোটের দিন তিনি সংসদে সশরীরে উপস্থিত থেকে ভোট দিতে পারবেন না বলেই জানা গেছে। মির্জা আব্বাস ভোট দিতে না আসলে দলটির নির্ধারিত ২৪৭ ভোটের থেকে এক ভোট কম পাবে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে টানা ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচনী কর্তা। জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্যপদ বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। এই ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটেই নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজনৈতিক দলভিত্তিক বিন্যাসে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি। দলটির একক সংসদ সদস্য সংখ্যা ২৪৭ জন। অন্যদিকে, জামায়াতে ইসলামী রয়েছে দ্বিতীয় অবস্থানে, যাদের সদস্যসংখ্যা ৭৭। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৮ জন, স্বতন্ত্র ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ৩ জন এবং অন্যান্য ছোট দলগুলোর মিলিয়ে রয়েছে ৬ জন সংসদ সদস্য।