ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য বহিরাগত দুষ্কৃতকারীদের হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন।ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামী এ খবর নিশ্চিত করেছেন।ঘটনায় সাম্যের সঙ্গে থাকা একই ইনস্টিটিউট ও সেশনের শিক্ষার্থী বায়েজিদ ও রাফিও ছুরিকাঘাতে আহত হন। আহত বায়েজিদ বলেন, “রাত বারোটার দিকে আমরা তিন বন্ধু মিলে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির সংলগ্ন গেটের পাশের ক্যান্টিনে আড্ডা শেষে বের হচ্ছিলাম। তখন হঠাৎ ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল আমাদের ওপর হামলা চালায়। ছুরির আঘাতে সাম্য প্রচুর রক্ত হারায়। মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হলেও পরে শুনেছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”এ ঘটনায় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র নেতৃবৃন্দ।