সরেজমিনে জানা যায়, বন্যার আশঙ্কায় দ্রুত ধান ঘরে তুলতে মরিয়া কৃষকদের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে হারভেস্টার মালিকরা। সরকারি ভর্তুকি দিয়ে কেনা এসব যন্ত্র দিয়ে ধান কাটতে এলাকাভেদে অস্বাভাবিক হারে টাকা দাবি করা হচ্ছে। কৃষকরা বলছেন, হারভেস্টার মালিকদের এই বাড়তি টাকা আদায় যেন তাদের গলায় অদৃশ্য হাত দিয়ে চেপে ধরার মতো।
অবাক করার বিষয় হলো, মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা সরকারি রেট সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। এমনকি উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলামও সরকারি রেট জানেন না বলে মন্তব্য করেছেন। কৃষকদের প্রশ্ন—উপজেলা কৃষি বিভাগ যদি ধান কাটার সরকারি হারই না জানে, তবে কৃষকের অধিকার রক্ষা হবে কীভাবে?
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, এ বছর প্রতি কানি ধান কর্তনের সরকারি হার ১৭৫০ টাকা। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম বলেন, “সরকারি রেটের চেয়ে বেশি টাকা নিলে কৃষকদের লিখিত অভিযোগ দিতে হবে।”
তবে কৃষকদের দাবি ভিন্ন। তাদের মতে, কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে এসে তদারকি না করার সুযোগেই হারভেস্টার মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন। বন্যাকবলিত এই দুর্দিনে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার পাওয়ার মতো সময় বা মানসিক অবস্থা কৃষকদের নেই।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি নিয়ম কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে দ্রুত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা প্রয়োজন। কৃষকদের এই সংকটময় মুহূর্তে উপজেলা কৃষি বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার এবং অতিরিক্ত অর্থ আদায়কারী হারভেস্টার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।