সুন্দরবনের নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান। এসব এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করার পাশাপাশি অবৈধ শিকার ও পাচারের অভিযোগে দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণের মাংস সংগ্রহ ও পাচারের কথা স্বীকার করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত মাংস ও আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়েছে।