জয়পুরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অনুপ্রবেশের একটি ঘটনা ঘটেছে। গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে জয়পুরহাট জেলার ধলাহার ইউনিয়নের কল্যাণপুর সীমান্তসংলগ্ন ২৭৫ নম্বর পিলার এলাকা দিয়ে বিএসএফের তিন সদস্য অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিক ‘খোকা’ নামের এক ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা কোদালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ জানায় এবং বিএসএফ সদস্যদের ধাওয়া করে।
স্থানীয় জনতার তীব্র প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে দ্রুত পিছু হটতে বাধ্য হয়। স্থানীয়দের সাহসী অবস্থানের ফলে খোকা নামের ওই ব্যক্তি প্রাণে রক্ষা পান।
এ সময় বিএসএফ সদস্যরা খোকার দুটি ভেড়া ধরে নিয়ে গেলেও পরবর্তীতে সেগুলো ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা এ ধরনের অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সীমান্ত এলাকার সকল বাসিন্দাকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আরও দায়িত্বশীল ও তৎপর ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।