গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
এ সময় ট্রাকের চালক ও হেল্পারদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাটকা নিধন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।