বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র্যালি, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উলিপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মনোরঞ্জন রায়, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী এবং কমরেড দেলোওয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য দেন উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান, নুরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে উলিপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের অবদান প্রশংসনীয়। আগামীতেও ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে কেক কাটা, প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।