গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত গোলাম নবী স্কুল এন্ড কলেজ মাঠে প্রতি সপ্তাহের শুক্রবার বসছে এক বিশাল সাপ্তাহিক মেলা। মেলাটিতে সকাল থেকেই নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যা দিনভর ক্রমেই মুখর পরিবেশে রূপ নেয়।
এই সাপ্তাহিক মেলায় অল্প মূল্যে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে— কাপড়, টি-শার্ট, ফ্যাব্রিক্স, লুঙ্গি, গেঞ্জি, সোয়েটার, নারীদের পোশাক, ঘর সাজানোর আসবাবপত্র, খাট, পালঙ্কসহ নানা ধরনের গৃহস্থালি সামগ্রী। এছাড়াও কম দামে মানসম্মত জুতা ও অন্যান্য আকর্ষণীয় পণ্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এখানে বিক্রি হওয়া অধিকাংশ পণ্যের দাম সাধারণ বাজারের তুলনায় অনেক কম হওয়ায় আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ কেনাকাটার জন্য ছুটে আসেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে এই মেলাটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রতি শুক্রবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই সাপ্তাহিক মেলা। সারাদিন ধরে কেনাবেচা, মানুষের কোলাহল আর উৎসবমুখর পরিবেশে পরিণত হয় গোলাম নবী স্কুল এন্ড কলেজ মাঠ। স্থানীয় ব্যবসায়ীরাও জানান, এই মেলার কারণে তাদের বিক্রি ভালো হচ্ছে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর মতে, এই সাপ্তাহিক মেলাটি কালিয়াকৈরে উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখছে এবং এটি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।