নেত্রকোনা সদরে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথের উপজেলার চল্লিশা বাজার সংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোটো বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে আকাশ রায় (২৪) এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল মিয়া (২৫)।
তারা বাইপাস মোড়ের জীবন বাবুর রাইস মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে আকাশ রায় ও রাসেল মিয়াসহ সাত–আটজন যুবক রেললাইনে ঘুরতে যান। পরে তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। ওই তখনই মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে আকাশ ও রাসেল রেললাইনের পাশে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরি মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ট্রেনে কাটা পড়ে নিহত দুজনের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।