২০১১ সালে লক্ষ্মীপুরের আরিফুল ইসলাম রাসেল উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান। পরবর্তীতে ২০১৩ সালে তিনি ফ্রান্সে চলে যান পড়ালেখা চালিয়ে নিতে। সেখানেই পড়াশোনার সুবাদে তার পরিচয় হয় ফ্রান্সের তরুণী সিনথিয়া ইসলামের সঙ্গে। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে গভীর সম্পর্ক, যা একসময় পরিণয় সূত্রে বাঁধা পড়ে।
পরিবারের সম্মতিতে ২০১৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই বছর খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিনথিয়া। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল ‘অম’। বর্তমানে তাদের সংসারে দুই সন্তান রয়েছে—মেয়ে আমেনা ইসলাম (৬) ও ছেলে আলিফ ইসলাম (৪)।
সম্প্রতি স্বামী ও সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে আসেন সিনথিয়া। লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর এলাকার সমসের উদ্দিন খলিফা বাড়িতে অবস্থানকালে গ্রামীণ জীবনের সঙ্গে একাত্ম হয়ে ওঠেন তিনি। কখনো মেঠোপথে হেঁটে বেড়ানো, কখনো হাওয়াই মিঠাই খাওয়া, আবার কখনো স্থানীয় মানুষের সঙ্গে গল্পে মেতে ওঠার দৃশ্য নজর কাড়ে সবার।
বিদেশি হয়েও গ্রামের সহজ-সরল পরিবেশ ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ এই ফরাসি তরুণী। স্বামী রাসেলের সঙ্গে মেঘনা নদীর পাড়, লক্ষ্মীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন তারা। সম্প্রতি পরিবারসহ কক্সবাজার সমুদ্র সৈকতও ঘুরে এসেছেন। এসব ভ্রমণ ও গ্রামীণ জীবনের আনন্দঘন মুহূর্ত তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।