ফাঁসির মঞ্চ থেকে ফিরে পাওয়া জীবন মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের দলীয় মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মানব মঙ্গল গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা আমির এস. এম. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী ও তারাগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ ইয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আমাকে দীর্ঘ ১৪ বছর বিনা অপরাধে কারাবন্দি করে রেখেছিল। শুধু তাই নয়, আমার বিরুদ্ধে তিন দফা ফাঁসির আদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, জেলের ভেতরে থাকে ছোট্ট একটি কক্ষ যার নাম সেল, সেখানেই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো কেটে গেছে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মহান আল্লাহ যে অবশিষ্ট সময় তাকে জীবন হিসেবে উপহার দিয়েছেন, সেই জীবন তিনি মানুষের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে ব্যয় করতে চান।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন-সংগ্রাম এবং জনসেবায় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং দলটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।