রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩নং বড় দরগাহ ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশুশ্রম মুক্ত করার প্রত্যয়ে এক বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত পীরগঞ্জ উপজেলা প্রকল্প’-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলের পরিচয় পর্ব শেষে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড প্রটেকশন এন্ড এডভোকেসি ফেসিলেটেটর লিটন মার্ক লাকড়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রংপুর জেলা আওতাধীন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র এপি ম্যানেজার উত্তম দাস। তিনি সমাজ সংস্কারে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে সচেতনতামূলক বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদা।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে শিশু নির্যাতন ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোকে নির্মূল করা জরুরি। এর জন্য ইউনিয়ন পরিষদের প্রতিটি সদস্য এবং স্ট্যান্ডিং কমিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক এই সমস্যাগুলো প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে ৩নং বড় দরগাহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তির এই উদ্যোগের মাধ্যমে আগামীতে পীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে একটি মডেল হিসেবে গড়ে তোলার অবদান রাখবে।