পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ ৯ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করলেও কোনো উত্তর মেলেনি। এমনকি তিনি কর্মস্থলেও যোগ দেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাকে কর্মস্থলে ফেরাতে সড়ক বিভাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) দায়ের করেছে।
পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে এ পর্যন্ত কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে দপ্তরটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
এ বিষয়ে আবুল খায়ের সুমনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, তারা কোনোভাবেই সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অফিসিয়ালি তাকে বিভিন্ন সময়ে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সুমনের অনুপস্থিতির কারণে সওজের দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।