“আমার পুলিশ, আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অষ্টগ্রাম থানার উদ্যোগে, ওপেন হাউজ ডে আয়োজন করা হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁনের সভাপতিত্বে এবং সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) শহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুর রহমান পিপিএম, বাংলাদেশ সেনাবাহিনীর অষ্টগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার হাসনাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা তৌহিদ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীন,জামায়াতে ইসলামী অষ্টগ্রাম উপজেলা শাখার আমির আশরাফুল ইসলাম,অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ুন কবির,উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন মিয়া,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু,অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস কোরেশী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনময় শীল এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ইমনের মা জহুরা খাতুন প্রমুখ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধের বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বক্তারা আরও বলেন, ওপেন হাউজ ডে’র মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে, যা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।