নাটোরের বাগাতিপাড়া থানার তমালতলা, বাঁশবাড়ি, জামনগর সড়কে উন্নয়নের নামে চলছে প্রকাশ্য অনিয়ম ও প্রতারণা।চোখের সামনে এমন অনিয়মে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
সরকারি অর্থে নতুন রাস্তা নির্মাণের কথা থাকলেও সেখানে পুরনো ভাঙা ইট, ব্যবহৃত রাস্তার খোয়া ও নিম্নমানের বালি মিশিয়ে কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
”স্থানীয়দের মতে, পুরনো ভাঙা রাস্তা থেকে তুলে আনা ইটের খোয়া সামান্য বালির সঙ্গে মিশিয়ে দ্রুতগতিতে কাজ শেষ করার চেষ্টা চলছে। এভাবে নির্মিত রাস্তা কয়েক মাস না যেতেই দেবে যাবে।যা নিয়ে কারও সন্দেহ নেই।
এ বিষয়ে অভিযোগ উঠেছে নাটোর জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেনের বিরুদ্ধে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অনুপ কুমার বিষয়টি জেনেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ রয়েছে, সবকিছু দেখেও ঠিকাদার মেহেদী হোসেন তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এই রাস্তা আমাদের নিত্যদিনের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তাতে বর্ষা এলেই সব ভেঙে পড়বে। এটা রাস্তা নয়, দুর্নীতির স্মারক।”
এলাকাবাসীর প্রশ্ন ; সরকারি টাকায় এমন নিম্নমানের কাজ চললেও কেন নীরব উপজেলা সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কার স্বার্থে চোখ বুজে রাখা হচ্ছে এই অনিয়ম?
জনগণের দাবি, অবিলম্বে কাজ বন্ধ করে সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তা না হলে উন্নয়নের নামে এ ধরনের লুটপাট ভবিষ্যতেও চলতেই থাকবে।