দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বরিশালের গৌরনদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র বিশ্বাস, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সোহরাওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহীর সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, খানজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদ শিকদারসহ রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত তাদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন এ সুবিধা পান, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র বিশ্বাস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী মোট ৪৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৪৮ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ সময় সহায়তা পাওয়া পরিবারগুলো সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয়রা এ ধরনের সহায়তা কার্যক্রমকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।